ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে কনা আক্তার শান্তা (২২) নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা।
আটক কনা আক্তার শান্তা পটুয়াখালী জেলার বাউফল থানার বটতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।
ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় অ্যাপ্রোন পরা এক নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানান। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে শনাক্ত করতে না পারলে জিজ্ঞাসাবাদের জন্য প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতাল পরিচালক ও উপ-পরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, ভোরের দিকে নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে আনসার সদস্যরা ওই ভুয়া নারী চিকিৎসককে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরবর্তীতে শাহবাগ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মোঃ নাহিন খান, ঢামেক প্রতিনিধি




















