দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়সমূহের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রিজাউল করিমসহ জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও দারিদ্র্য বিমোচন ও আত্ম-কর্মসংস্থান কর্মসূচির প্রকল্প পরিচালক উথোয়াই মং মারমা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রশিক্ষণার্থীদের ব্যবহার ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সুবিধার্থে সেলাই মেশিন হস্তান্তর করা হয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের ও অন্যান্য আগ্রহী প্রশিক্ষণার্থীদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।আয়োজকরা জানান, প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হলে প্রশিক্ষণার্থীরা দক্ষতা কাজে লাগিয়ে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এতে পরিবারভিত্তিক আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচনেও ইতিবাচক ভূমিকা রাখবে এ কর্মসূচি।
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি




















