বর্ণাঢ্য আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র’-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনের কাউন্সিল অধিবেশন থেকে তিনটি পদ ফাঁকা রেখে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে এস এম কামাল উদ্দীন সভাপতি এবং আমিরুন নূজহাত মনীষা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কেন্দ্রীয় কমিটি
সম্মেলনের প্রথম পর্বে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি এস এম কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে সংগঠনের ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং বিগত বছরের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।
অধিবেশন শেষে ঘোষিত নতুন কমিটির অন্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মফিজুর রহমান লালটু ও অধ্যাপক আখতারুজ্জামান
সহ-সাধারণ সম্পাদক: আব্দুল আজিজ
সাংগঠনিক সম্পাদক: তানিয়াহ মাহমুদা তিন্নী
অর্থ সম্পাদক: হিরা অনিন্দিতা স্বতী
দপ্তর সম্পাদক: মেহেদী হাসান
প্রচার সম্পাদক: মারজিয়া প্রভা
সদস্য: চম্পাবতী এন মারাক, আশিকুর রহমান, ফারহানা বহ্নি, সাকিব হোসেন রনি, সামি আব্দুল্লাহ্ এবং মহিউদ্দিন ছড়া।
সাংস্কৃতিক পর্ব ও আলোচনা
সম্মেলনের দ্বিতীয় অংশে বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক তানিয়াহ মাহমুদা তিন্নীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন চিত্রশিল্পী ও বিবর্তনের প্রাক্তন সদস্য দিলরুবা পাপিয়া, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নির্বাহী সদস্য জাকির হোসেন এবং নবগঠিত কমিটির সভাপতি এস এম কামাল উদ্দীন, সহ-সভাপতি মফিজুর রহমান লালটু, অধ্যাপক আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক আমিরুন নূজহাত মনীষা।
আলোচনা শেষে গণসংগীত পরিবেশন করেন ফুলবাড়ীর সংগঠক খাদেমুল ইসলাম, আজমিরি আজিজ ভাষা ও শুভজিৎ। এ ছাড়া মূকাভিনয় পরিবেশন করেন ম. আবু হারুন টিটো এবং কবিতা আবৃত্তি করেন কবি হাসান ফকরী, মনজুর শামস ও গোলাম শফিক।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র দেশের জাতীয় সম্পদ ও পরিবেশ রক্ষা, স্বৈরাচার ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনসহ সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানেও মঞ্চনাটক, পথনাটক ও গণসংগীতের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
মোঃ নাহিন খান




















